Published on
:
1 min read
হুগলির চুঁচুড়ার প্রতাপপুরে এক মহিলার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। স্ত্রীকে খুন করার ঘটনার অভিযোগে গ্রেপ্তার স্বামী। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মদনমোহন বারিক। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, সাংসারিক অশান্তি এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহ থেকেই স্ত্রীকে খুন করেছে সে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে বন্ধ ঘর থেকে সানন্দার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনার পরে থেকেই মদনমোহনের ফোন বন্ধ ছিল এবং তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এর পরেই সানন্দার পরিবারের পক্ষ থেকে চুঁচুড়া থানায় জামাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশের সন্দেহ হয় মদনমোহনের উপর। তার পরে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয় তাকে।
ওডিশার বালেশ্বরের বাসিন্দা মদনমোহনের সঙ্গে প্রায় ১৩ বছর আগে বিয়ে হয়েছিল সানন্দার। চুঁচুড়ার প্রতাপপুরে সানন্দার বাপের বাড়ির কাছেই একটি ভাড়াবাড়িতে দুই সন্তানকে নিয়ে থাকতেন দম্পতি। তাঁদের বড় ছেলে রামকৃষ্ণ মিশনে ষষ্ঠ শ্রেণিতে পড়ে এবং ছোট ছেলের বয়স পাঁচ বছর।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, গলা টিপে খুন করা হয়েছে সানন্দাকে। তবে খুনের প্রকৃত কারণ জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই, এমনটাই জানিয়েছে পুলিশ।