আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট কারচুপি বা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করার চেষ্টা হলে সরকারকে মাগুরা নির্বাচনের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছে ১১-দলীয় জোট। একই সঙ্গে দুর্নীতি বন্ধ, প্রশাসনে দলীয়করণ রোধ, মেধার ভিত্তিতে নিয়োগ-পদোন্নতি এবং গুম-খুন ও হত্যাকাণ্ড প্রতিরোধে স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছে জোটটি।
গতকাল শুক্রবার রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের সমন্বয়ক এএইচএম হামিদুর রহমান আযাদ। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত ১১-দলীয় ঐক্য অটুট রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, ১১-দলীয় জোট আছে এবং থাকবে। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত যে ঐক্য গড়ে উঠেছে, তা অটুট রেখে আমরা এগিয়ে যাব। ১১-দলীয় জোট ভেঙে যাওয়া বা কয়েকটি দলের বেরিয়ে যাওয়ার খবর নাকচ করে হামিদুর রহমান আযাদ দাবি করেন, নির্বাচনের সময় সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে তাদের ভোট নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। এ অভিযোগের পক্ষে তিনি বিএনপির কয়েকজন প্রার্থীর বক্তব্য এবং শেখ হাসিনা ও শামীম ওসমানের ফাঁস হওয়া অডিওর প্রসঙ্গ তুলে ধরেন। ১১-দলীয় জোটের সঙ্গে আওয়ামী লীগের আঁতাতের বিষয়ে সরকারের বক্তব্যকে ‘ভুয়া ও অসত্য’ বলে অভিহিত করেন হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, গোয়েন্দা সংস্থার কাছে এ ধরনের প্রতিবেদন থাকলে সরকারকে তা প্রকাশ করতে হবে। এসব বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হোক। জোটের ৭ দফা দাবির মধ্যে আরও রয়েছে- দ্রব্য ও গ্যাসের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দুর্নীতি বন্ধ এবং প্রশাসনে দলীয়করণ বন্ধ করা। এ ছাড়া দুর্নীতি দমন কমিশন ও মানবাধিকার কমিশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া এবং গুম, খুন ও হত্যাকাণ্ড প্রতিরোধে স্বাধীন কমিশন গঠনের দাবিও জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, পুলিশ সদর দপ্তরের তথ্যানুযায়ী, গত ছয়-সাত মাসে নিজ দলের কর্মীদের হাতে দলীয় প্রায় ৪০ জন কর্মী খুন হয়েছেন। মাদক পাচার, অপহরণ ও বিভিন্ন স্থানে হামলার ঘটনাও পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে বলে মন্তব্য করেন তিনি।
