ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেছে দুইজনের, আহত হয়েছেন আরও ২১ জন। নয়তলা আবাসিক ভবনে আগুন ছড়িয়ে পড়ার পাশাপাশি হামলার লক্ষ্যবস্তু হয়েছে একটি তাপবিদ্যুৎকেন্দ্রও। গত ২৪ ঘণ্টার মধ্যে এটি রাশিয়ার দ্বিতীয় হামলা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, হামলার আগে পশ্চিমা মিত্রদের কাছ থেকে কোনো সতর্কবার্তা পায়নি কিয়েভ।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, আহতদের মধ্যে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চারজনের অবস্থা গুরুতর।
হামলায় ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনটির বিভিন্ন ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়লে উদ্ধারকর্মীরা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একই সঙ্গে ভবনটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।
জেলেনস্কি জানান, হামলার প্রধান লক্ষ্য ছিল ইউক্রেনের জ্বালানি অবকাঠামো, বিশেষ করে তাপবিদ্যুৎকেন্দ্র নম্বর ৪। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি আরও বলেন, রাশিয়া নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সপ্তাহান্তে জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের ঘোষণা দিলেও রাশিয়া তা উপেক্ষা করছে বলে অভিযোগ করেন জেলেনস্কি। তাঁর ভাষ্য, একদিকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ধ্বংস করা হচ্ছে, অন্যদিকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে আগাম কোনো সতর্কবার্তাও দেওয়া হচ্ছে না।
এর আগে কিয়েভে রাতের হামলার ক্ষেত্রেও পশ্চিমা মিত্রদের কাছ থেকে আগাম সতর্কতা না পাওয়ার কথা জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
সূত্র: রয়টার্স
