চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় জোনাকি পরিবহনের একটি বাসের চাপায় অজ্ঞাতপরিচয় (৩০) এক পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি নিয়ে পালিয়ে যান চালক। পরে বিক্ষুব্ধ জনতা পরিবহনটির অন্য একটি বাস আটক করেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মাদাম বিবিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন মণ্ডল জানান, ঢাকামুখী জোনাকি পরিবহনের একটি বাস মহাসড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তা পারাপাররত ওই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা জোনাকি পরিবহনের আরেকটি বাস আটক করেন। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
