নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়ি দখল, হামলা, ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সুজন চন্দ্র দাস ও তার পরিবারের সদস্যরা। রোববার (১১ অক্টোবর) দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও অভিযোগ তুলে ধরেন সুজন চন্দ্র দাস, তার মা আরতী রাণী, স্ত্রী শিউলী রাণী, ভাতিজা বিক্রম দাস এবং রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মনসুর মিয়া।
ভুক্তভোগী পরিবারের দাবি, রূপগঞ্জের ব্রাহ্মণখালী এলাকার লিটন চন্দ্র দাসের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের জমি নিয়ে বিরোধ ও মামলা চলছিল। মামলা চলাকালীনই তাদের দাবি করা জমি জোরপূর্বক দখল করে নেওয়া হয় এবং বসতঘরে হামলা, ভাঙচুর করা হয়। পরবর্তীতে আদালতের রায় তাদের পক্ষে এলেও এখন পর্যন্ত জমির দখল ফিরে পাননি তারা।
তারা অভিযোগ করেন, প্রায় চার মাস আগে একদল লোক এসে তাদের বসতভিটা থেকে উচ্ছেদ করে জায়গাটি দখল করে নেয়। ভিটেমাটি হারিয়ে তারা বর্তমানে খোলা আকাশের নিচে বালুরচর ও গাছতলায় মানবেতর জীবনযাপন করছেন। নিজেদের জমি ফিরে পেতে এবং নিরাপদে বসবাসের নিশ্চয়তা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষে অবস্থান নেওয়ায় রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মনসুর মিয়াকে জড়িয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। পরিবারটি এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান এবং পুরো ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. এইচ. এম. সালাউদ্দিন বলেন, উভয় পক্ষের মধ্যে জমি দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। আদালতের নির্দেশনা বা আইনি প্রক্রিয়ার আগেই দুই পক্ষ মুখোমুখি অবস্থানে চলে গেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সার্বিক আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
