Published on
:
1 min read
মধ্য আমেরিকার পানামায় ফের ভূমিকম্প। সোমবার সন্ধ্যায় ৬.১ মাত্রায় এই কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র দেওয়া তথ্য অনুসারে, মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী, ভোর ৪টে ৫০ মিনিটে এই কম্পন হয়। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
সূত্রের খবর, এখন পর্যন্ত ভূমিকম্পে প্রাণহানির কোনও খবর নেই। তবে অন্তত ২৭ জন আহত হয়েছেন এবং কমবেশি ৯০০ বাড়িঘরের ক্ষতি হয়েছে। দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোতে ক্ষয়ক্ষতি বা হতাহতের খোঁজ চলছে।
গত শুক্রবারও পানামায় ভূমিকম্প হয়। যার মাত্রা ছিল ৭.৭। পানামায় এই ক'দিনে ৩০০ বারের বেশি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। সেখানে প্রায় কয়েকশো ঘরবাড়ি ভেঙে পড়েছে। সরকার দেশব্যাপী জরুরী অবস্থা জারি করতে বাধ্য হয়েছে। এই ভূমিকম্পে পানামার বিভিন্ন অংশে শুধু বাড়িঘর নয়, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, রাস্তাঘাটও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানোর ব্যাবস্থা করা হয়েছে।
সূত্রের খবর, পানামার দু'টি মেট্রো রেলের লাইনে পরিষেবা এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জায়গাগুলির মধ্যে রয়েছে লস সান্তোস, কোকলে, ভেরাগুয়াস এবং এরেরা।
