চট্টগ্রামে দুর্গাপূজায় অন্য ধর্মের মানুষের অংশগ্রহণ ও সহযোগিতাকে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ‘উৎসবটি হয়তো সনাতনীদের, কিন্তু সেখানে মুসলিম ও অন্য ধর্মের লোকজন তাদের সঙ্গে বসে একসঙ্গে উৎসব উদযাপন করছেন, পাহারা দিচ্ছেন। এটাই আসলে আমাদের বাংলাদেশ।’
বুধবার সন্ধ্যায় বিজয়াদশমী উপলক্ষে পতেঙ্গা সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ধর্মের শিক্ষা শুধু উৎসব উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের কাজ ও আচরণে প্রতিফলিত করতে হবে। ধর্মের প্রকৃত সৌন্দর্য শান্তি ও মানবিকতায়।
‘আমরা ধর্ম পালন করি, উৎসব করি। কিন্তু আমরা যেন শুধু উৎসবের মধ্যেই সীমাবদ্ধ না থাকি। ধর্মের আদর্শগুলো যদি আমাদের কর্মের মধ্যে প্রকাশ করতে পারি, তাহলে আমাদের এসব আয়োজন আরও সার্থক হবে,’ বলেন তিনি।
প্রতিমা বিসর্জনের তাৎপর্য তুলে ধরে জাহিদুল ইসলাম বলেন, দুর্গাপূজার অন্যতম শিক্ষা অশুভ শক্তির বিনাশ এবং সমাজে শান্তি ও মঙ্গল প্রতিষ্ঠা।
‘আমরা আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাজ থেকে সব ধরনের অশুভ শক্তি দূরীভূত করে একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই,’ বলেন তিনি।
বাঁশখালীর প্রত্যন্ত জেলেপল্লি থেকে শুরু করে বোয়ালখালী ও লোহাগাড়ার বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং অন্য ধর্মের মানুষের সহযোগিতা তাকে মুগ্ধ করেছে বলে জানান জেলা প্রশাসক।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রামে দুর্গাপূজার অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশকে সবার উল্লেখ করে সম্মিলিতভাবে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা একটি শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, একটি নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। যেখানে আমি, আপনি এবং আপনার সন্তানেরা নিরাপদে থাকবেন।’
বিসর্জনস্থলে ভক্তদের বিপুল উপস্থিতি ও সুশৃঙ্খল আয়োজনের প্রশংসা করে পূজা উদযাপন কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শাহিদ ইসরাক এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার নেতারা।
The post ‘এটাই আসলে আমাদের বাংলাদেশ’, সম্প্রীতি নিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
