সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্না হত্যা মামলায় অভিযুক্ত জিতেশ চন্দ্র গোপকে (৩২) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে লাশ গুম ও আলামত ধ্বংসের অপরাধে তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন।
মামলার রায় সূত্রে জানা যায়, দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে, যা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়। রায়ে উল্লেখ করা হয়, মহামান্য হাইকোর্ট বিভাগের চূড়ান্ত অনুমোদন ছাড়া এ মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। অনুমোদন পাওয়ার আগপর্যন্ত আসামিকে কনডেম সেলে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত জিতেশ চন্দ্র গোপ কিশোরগঞ্জের ইটনা উপজেলার শৈলা গ্রামের বাসিন্দা যাদব চন্দ্র গোপ ও অনিতা রানী গোপের ছেলে। তিনি জগন্নাথপুর বাজারের সি/এ মার্কেট এলাকায় ফার্মেসি পরিচালনা করতেন।
মামলার বিবরণী থেকে জানা গেছে, ভুক্তভোগী শাহনাজ পারভীন জ্যোৎস্নার সঙ্গে আসামি জিতেশ চন্দ্র গোপের পূর্বপরিচয় ছিল। ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি অ্যালার্জির চিকিৎসার কথা বলে তাকে ফার্মেসিতে ডেকে আনা হয়। সেখানে তাকে চেতনানাশক মেশানো ওষুধ সেবন করিয়ে অচেতন করার পর শ্বাসরোধে হত্যা করা হয়। পরবর্তীতে লাশ গুম ও ঘটনার আলামত মুছে ফেলার অপচেষ্টা চালায় অভিযুক্ত। এ ঘটনায় ১৭ জানুয়ারি জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
ঘোষিত এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল।
