ব্রাহ্মণবাড়িয়া সরাইলে কাভার্ড ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসে থাকা অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কাজীপাড়া এলাকার আবু বক্করের ছেলে সৌরভ (৩২) এবং রংপুর সদর উপজেলার হরকলি চৌরাপাড়া এলাকার মুমিনুল ইসলামের ছেলে আছিম (১৮)। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ জানায়, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস সিলেটের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়। জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ টিম কাজ করছে।
জেএইচআর
