ময়মনসিংহের গফরগাঁওয়ে ৭ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তাকে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গত শনিবার (১০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার ব্যক্তির নাম মো: মোস্তফা। তিনি ওই এলাকারই বাসিন্দা এবং পেশায় একজন গরু ব্যবসায়ী।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টার দিকে শিশুটি মাদরাসা থেকে বাড়ি ফিরছিলো। চারিপাড়া এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় মোস্তফা তাকে রাস্তার পাশে একটি কলাবাগানে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা চালান।
এ সময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে বাড়িতে ফিরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে এ ঘটনাটি জানায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনের মধ্যেও উত্তেজনা দেখা দেয়।
এ বিষয়ে জানতে অভিযুক্তের বাড়িতে গেলে শিশুর পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহারসহ ভয়ভীতি দেখানো হয়। পরে এ ঘটনায় শিশুটির বাবা রোববার রাতে গফরগাঁও থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ মামলার অভিযুক্ত আসামি মোস্তফাকে সোমবার গ্রেফতার করে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান সেখ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
