সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ ও ফ্লাইট চলাচলে বিঘ্নের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এতে প্রবাসীসহ ১৩ হাজার ৪৯০ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বার্তায় এ তথ্য জানানো হয়। বাতিল বা স্থগিত হওয়া ফ্লাইটের মধ্যে ৩৬টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট।
বেবিচকের তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে সরাসরি চলাচলকারী ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের সাতটি এবং সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।
এ ছাড়া মধ্যপ্রাচ্য ও পার্শ্ববর্তী দেশের বিমানবন্দর হয়ে সৌদি আরবগামী যাত্রী পরিবহনকারী ট্রানজিট ফ্লাইটও বিঘ্নিত হয়েছে। এসব ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ২২টি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি, ফ্লাই দুবাইয়ের ছয়টি, সালাম এয়ারের চারটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৌদি কর্তৃপক্ষের সাময়িক বিধিনিষেধ ও ফ্লাইট স্থগিতের সিদ্ধান্তের কারণে অনেক যাত্রী বিমানবন্দরে এসে আটকা পড়েছেন। এতে কর্মস্থলে ফেরা, পরিবারের সঙ্গে দেখা করা এবং অন্যান্য জরুরি প্রয়োজনে সৌদি আরবগামী যাত্রীরা বিপাকে পড়েছেন।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। এ অবস্থায় যাত্রীদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে ফ্লাইটের সর্বশেষ সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে টিকিটের তারিখ পরিবর্তনের বিষয়েও সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
ফ্লাইট চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত হয়ে নেওয়া জরুরি।
The post শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী appeared first on ভোরের চেতনা.
