কুমিল্লায় মহানগর জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর ও দলীয় কার্যালয়ের ছাদে ককটেল বিস্ফোরিত হয়।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর মোগলটুলীতে মহানগর জামায়াতের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এঘটনায় কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে মহানগর জামায়াত জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সাংগঠনিক বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে। এসব সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
বিবৃতিতে মহানগর জামায়াত আরও জানায়, ‘প্রকৃত ঘটনা হচ্ছে বুধবার (১৪ অক্টোবর) রাত ৭ টার দিকে কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামী কার্যালয়ে পূর্ব নির্ধারিত একটি সভা চলছিল। এরই মধ্যে কিছু যুবক প্রোগ্রামে ঢুকে হইচই করে। এ সময় তারা শোরগোল করে চলে যাওয়ার সময় আমাদের একটি গাড়ি ভাঙচুর করে। আমরা ঘটনা তদন্ত করে দেখছি। এর পেছনে কারা জড়িত বা তারা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালো এসবের বিস্তারিত জেনে আমরা পুনরায় সংবাদ মাধ্যমকে অবহিত করব।’
