তৃতীয়ার সন্ধ্যায় অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির সামনে তাঁর উপর হামলা চালান এক তরুণী। তাঁর শাড়ি ধরে টান মারেন বলেও অভিযোগ। রাতেই আটক করা হয়েছিল তাঁকে। এবার প্রকাশ্যে এল তাঁর পরিচয়।
জানা গিয়েছে, ওই তরুণীর নাম অনুসূয়া সাহা। নিউ আলিপুরের বাসিন্দা তিনি। পুলিশ সূত্রে খবর, পেশায় সিভিক ভলান্টিয়ার অনুসূয়া। ২০১১ সালে পশ্চিম বন্দর থানা থেকে কর্মজীবন শুরু তাঁর। তবে বছর খানেক ধরে বেপাত্তা ছিলেন তিনি। কাজে যেতেন না। এরপর আচমকাই মঙ্গলবার রাতের ঘটনা। কিন্তু কেন এই হামলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কীসের ক্ষোভ তাঁর? নাকি কেউ পরিকল্পনামাফিক নিজের উদ্দেশ্য সাধনে তাঁকে পাঠিয়েছিল, কোনওকিছুই এখনও স্পষ্ট নয়।
কিন্তু ঠিক কী ঘটেছিল মঙ্গলবার সন্ধ্যায়? দিল্লির কর্মসূচি সেরে মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার কালীঘাটের বাড়িতে ফিরেছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশেই কালীঘাট মিলন সংঘের পুজোর উদ্বোধন করার কথা ছিল তাঁর। সেই মতোই বাড়ি থেকে বেরোন তৃণমূল নেত্রী। সেই সময় ভাইঝি পরিচয় দিয়ে মমতার বাড়ির সামনে উপস্থিত হয়েছিলেন অনুসূয়া। মমতা বেরতেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন তিনি। নেত্রীর শাড়ি ধরেও টান মারেন বলেও অভিযোগ। যদিও ততক্ষণে উপস্থিত লোকজন ওই ওই তরুণীকে ধরে মাটিতে ফেলে দেন। ফলে বড়সড় হামলা হয়নি মমতার উপরে। ওই তরুণীর থেকে একটি ছুরিও পাওয়া যায় বলে জানা যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, অভিযুক্ত নেশাগ্রস্ত ছিলেন। তখনই আটক করা হয় তাঁকে। কিন্তু কেন এই হামলা তা জানার চেষ্টায় পুলিশ।
