সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার সন্ধ্যায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় দুই ব্যক্তি নিহত এবং আরও আটজন আহত হয়েছে। আহত আটজনের মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে গালফ নিউজের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হামলার পর বিমানবন্দরটি পুনরায় তাদের কার্যক্রম শুরু করেছে বলে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
হালনাগাদ এক বিবৃতিতে সৌদি বেসামারিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, গতকালের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একজন সৌদি নাগরিক এবং অন্যজন দেশটিতে বসবাসকারী ভারতীয় নাগরিক ছিলেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, হামলায় আরও আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন সৌদি নাগরিক এবং ভারত, ইয়েমেন, বাংলাদেশ ও নেপালের সাতজন প্রবাসী রয়েছেন। আহতদের আঘাতের তীব্রতা সামান্য থেকে গুরুতর পর্যায়ের এবং সবাইকে একাধিক হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানায় সৌদি বিমান চলাচল কর্তৃপক্ষ।
সংস্থাটি নিশ্চিত করেছে যে, ঘটনার পর বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে এবং বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
