পূর্নিমা রানি দাস রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মৎস্য বিভাগের টিমের ওপর হামলা ও আটক করা ট্রলার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। হামলায় মো. সোহেল হোসেন (২১) নামে মৎস্য বিভাগের অভিযানে সহায়তাকারী এক শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের সাজু মোল্লার ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। আহত সোহেল উত্তর চরবংশী ইউনিয়নের জালিয়ার চর এলাকার বাসিন্দা। তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে মেঘনা নদীতে নিয়মিত অভিযান চালাচ্ছিল মৎস্য বিভাগের একটি দল। অভিযানের একপর্যায়ে নদীর ওই অংশ থেকে প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল এবং দুটি ইঞ্জিনচালিত ট্রলার আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াকালে এমরান চৌকদার ও কামাল শেখের নেতৃত্বে একদল অসাধু জেলে দেশীয় অস্ত্র, ধারালো ছুরি ও লোহার রড নিয়ে অভিযানকারী দলের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা সোহেল হোসেনকে লক্ষ্য করে হামলা চালালে তার মাথায় গুরুতর আঘাত লাগে। এ সময় হামলাকারীরা আটক করা দুটি ট্রলারের মধ্যে একটি ছিনিয়ে নেয় এবং অভিযানকারী দলের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় আহত সোহেল বাদী হয়ে রায়পুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারে কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে এমরান চৌকদার ও কামাল শেখের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন বলেন, “মা ইলিশ রক্ষায় সরকারি নির্দেশ বাস্তবায়নে অভিযান চালানোর সময় অসাধু জেলেরা আমাদের টিমের ওপর হামলা চালিয়ে আটক ট্রলার ছিনিয়ে নেয়। হামলায় আমাদের এক সহায়ক শ্রমিক আহত হয়েছেন। বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। জিরো টলারেন্স নীতিতে সরকারি নির্দেশ বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া অভিযানে জব্দ করা ৫০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।”
The post মেঘনায় মৎস্য বিভাগের ওপর হামলা, আটক ট্রলার ছিনতাই: আহত ১ appeared first on সকালের খবর ২৪.
