আগামী জাতীয় নির্বাচন অবশ্যই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল রাজনৈতিক সমঝোতা ও আন্দোলনের মূল অঙ্গীকার ছিল। এ ব্যবস্থা পুনর্বহাল ও প্রতিস্থাপনের জন্য আইনসভার মাধ্যমে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, ত্রয়োদশ সংশোধনীসংক্রান্ত বিচারপতি এ বি এম খায়রুল হকের দেওয়া রায় বাতিল করা হয়েছে এবং বিচার বিভাগীয় প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের পথ তৈরি হয়েছে।
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব নিশ্ছিদ্র নিরাপত্তা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আগাম প্রস্তুতি এবং প্রযুক্তিনির্ভর সার্বক্ষণিক তদারকির ফলে এ বছর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই উৎসব সম্পন্ন হয়েছে। আগামী বছরগুলোতেও এ পরিস্থিতি বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, গত ১৫ থেকে ১৭ বছর দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা দেখা গেছে। বর্তমান সরকার দেশকে সেই পরিস্থিতি থেকে মুক্ত করতে পেরেছে বলে দাবি করেন তিনি।
তাঁর ভাষ্য, ডিজিটাল অ্যাপ ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৃণমূল থেকে বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সার্বক্ষণিক তদারকি করা হয়েছে। আগাম প্রতিরোধমূলক পদক্ষেপের ফলে নাশকতার পরিকল্পনা আগেই নস্যাৎ করা সম্ভব হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের ইতিহাসে এবার সর্বোচ্চ ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। উৎসবকে আরও আনন্দমুখর করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, আগে দুর্গাপূজায় সরকারি বরাদ্দ সর্বোচ্চ ৪ কোটি টাকা থাকলেও তা বাড়িয়ে এ বছর ৫ কোটি টাকা করা হয়েছে। পাশাপাশি প্রতিটি মণ্ডপের জন্য চালের বরাদ্দ ১০০ কেজি বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে। এ বছর সাপ্তাহিক ছুটিসহ সনাতন ধর্মাবলম্বীরা টানা পাঁচ দিনের ছুটি পেয়েছেন, যার মধ্যে তিন দিন ছিল সরকারি ছুটি।
গোপালগঞ্জ সদর উপজেলার খেয়াঘাটসংলগ্ন এলাকায় সাম্প্রতিক একটি ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কিছু কর্মী পুলিশের ওপর হামলার চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে।
তিনি জানান, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।
পার্বত্য অঞ্চলের সাজেকের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী ও পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়াসহ স্থানীয় নেতারা রাজনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছেন।
একজন অতিরিক্ত ডিআইজির বাসভবনে অভিযান এবং মোবাইল কোর্টের মাধ্যমে ৮৫ জনকে সাজা দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, অভিযুক্ত কর্মকর্তার পরিচয় বিবেচনায় না নিয়ে তাঁকে ইতোমধ্যে সংযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী বিভাগীয় মামলা ও অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান থাকবে।
The post আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on ভোরের চেতনা.
