খাগড়াছড়ির মহালছড়িতে গুচ্ছগ্রামের কার্ডধারীদের মধ্যে বিতরণ করা ৩১ বস্তা সরকারি গম জব্দ করেছে যৌথ বাহিনী।
বুধবার (২১ অক্টোবর) রাত ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার চোংড়াছড়ি গুচ্ছগ্রামে অভিযান চালানো হয়। এ সময় আবু সাঈদ নামে এক ব্যক্তির বাড়ি থেকে গমগুলো জব্দ করা হয়।
মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবু দাশের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও গ্রাম পুলিশের সমন্বয়ে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
জব্দ করা প্রতিটি বস্তায় ৫০ কেজি করে গম ছিল। সে হিসাবে মোট ১ হাজার ৫৫০ কেজি বা ৩১ বস্তা সরকারি গম উদ্ধার করা হয়েছে। এসব গম গুচ্ছগ্রামের কার্ডধারীদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ ছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকাটি দুর্গম হওয়ায় রাতে গমগুলো উপজেলা সদরে নিয়ে আসা সম্ভব হয়নি। পরে বৃহস্পতিবার সকালে সেগুলো উপজেলা সদরে নেওয়া হয়। জব্দ করা গম পরবর্তী সময়ে নিলামে বিক্রি করা হবে। নিলাম থেকে পাওয়া অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবু দাশ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুচ্ছগ্রামের কার্ডধারীদের জন্য বরাদ্দ করা ৩১ বস্তা সরকারি গম জব্দ করা হয়েছে। সরকারি খাদ্যশস্যের অপব্যবহার বা অবৈধ মজুত কোনোভাবেই বরদাশত করা হবে না। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এমএ
