চট্টগ্রামের পটিয়া উপজেলার আরাকান সড়কের ধারে বটতলায় বসে থানার হাট। অনেক পুরোনো এই হাটে ভোর থেকে শুরু হয় বেচাকেনা। মাঠের তাজা সবজি, পুকুরের মাছ, গৃহস্থের গবাদিপশু থেকে শুরু করে বাঁশ-বেতের তৈরি জিনিস—কী নেই সেখানে! কেউ পসরা সাজান, কেউ দরদাম করেন, কেউবা পণ্য কিনে বাড়ি ফেরেন। একসময় রামসুন্দর মিস্ত্রির হাট নামে পরিচিত ছিল এই বাণিজ্যকেন্দ্র। সময়ের সঙ্গে নাম ও ঠিকানা বদলালেও গ্রামের মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িয়ে আছে পটিয়ার থানার হাট।