ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এমন অনেক রেকর্ড আছে, যেগুলো ভাঙতে অপেক্ষা করতে হয় বছরের পর বছর। এবার টেস্ট ক্রিকেটে তেমনই এক বিরল কীর্তি গড়লেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বাঁহাতি বোলার হিসেবে ৪৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন স্টার্ক। তাতেই ১৪৯ বছরের রেকর্ড ভেঙে নিজেকে নিয়ে গেছেন ইতিহাসের সোনালি পাতায়। ভেঙেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রার এক বিরল রেকর্ড।
দক্ষিণ আফ্রিকার গেবেখায় টেস্টের তৃতীয় দিনে এই ইতিহাস গড়েন ৩৬ বছর বয়সী স্টার্ক। দিনের প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডারকে আউট করে টেস্ট ক্যারিয়ারের ৪৫০তম উইকেটটি তুলে নেন স্টার্ক।
এই অর্জনের মধ্য দিয়ে টেস্টে ৪৫০ উইকেট নেওয়া প্রথম বাঁহাতি বোলার হয়েছেন স্টার্ক। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ও শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথও এই মাইলফলক স্পর্শ করতে পারেননি। আকরামের টেস্ট উইকেট ৪১৪টি, আর হেরাথের ৪৩৩টি।
তবে স্টার্কের কীর্তি এখানেই শেষ নয়। বলের হিসাবে টেস্টে দ্রুততম ৪৫০ উইকেট নেওয়ার রেকর্ডও এখন তার দখলে। এই মাইলফলকে পৌঁছাতে স্টার্কের লেগেছে ২০ হাজার ৫৭৭ বল। ম্যাকগ্রাকে করতে হয়েছিল ২৩ হাজার ৪৭৪ বল। অর্থাৎ অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসারের চেয়ে ২ হাজার ৮৯৭ বল কম করেই এই কীর্তি গড়েছেন স্টার্ক।
অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসেও ৪৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করা বোলারের সংখ্যা খুব বেশি নয়। এর আগে এই কীর্তি গড়েছিলেন শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা ও নাথান লায়ন। এবার তাদের সঙ্গে যোগ হলো স্টার্কের নাম। অস্ট্রেলিয়ার চতুর্থ বোলার হিসেবে টেস্টে ৪৫০ উইকেটের ক্লাবে প্রবেশ করেছেন স্টার্ক।
