ডেস্ক রিপোর্ট: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তরুণ সমাজকে মাদক, জুয়া ও ক্যাসিনোর আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলামুখী করতে ফুটবল, ক্রিকেট ও গ্রামীণ খেলাধুলার নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।
১৭ অক্টোবর শনিবার বিকেলে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২৬-এর কোয়ার্টার ফাইনাল খেলা উপভোগ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তরুণ সমাজের একটি অংশ মাদক, জুয়া ও ক্যাসিনোতে আসক্ত হওয়ায় খেলাধুলা থেকে দূরে সরে গিয়েছিল। তাদের মাঠমুখী করতে কিশোর ফুটবল টুর্নামেন্ট চালুর পর জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সুস্থ জীবন ও সুন্দর সমাজ গঠনে সব ধরনের খেলাধুলা অত্যন্ত জরুরি। এজন্য স্থানীয় খেলাগুলোকেও গুরুত্ব দিতে হবে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জের সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে হবে: ড. মঈন খান
টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে অভিযান সংঘ ২-০ গোলে মর্নিং স্টার ফুটবল একাডেমিকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে।
দ্বিতীয় ম্যাচে নবাবেরহাট আদর্শ ক্লাব ও পাটগ্রাম ফুটবল একাডেমি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করে। পরে টাইব্রেকারে পাটগ্রাম ফুটবল একাডেমিকে ৪-৩ গোলে পরাজিত করে নবাবেরহাট আদর্শ ক্লাব সেমিফাইনাল নিশ্চিত করে।
এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান এবং জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক।
এটিভি/এইচকে
