কালবেলা · আন্তর্জাতিক
সৌদি আরবের আভহা শহরে হামলার সতর্কতা জারি
১২/১০/২০২৬

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আভহায় ‘সম্ভাব্য বিপদ’ সম্পর্কে সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। তবে সতর্কতা জারির মাত্র দুই মিনিট পরই বিপদ কেটে গেছে জানিয়ে তা প্রত্যাহার করা হয়।
সোমবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের পক্ষ থেকে এ সতর্কতা জারি করা হয়। তবে কী ধরনের বিপদের আশঙ্কায় সতর্কতা দেওয়া হয়েছিল, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
আভহা সৌদি আরবের আসির প্রদেশের একটি গুরুত্বপূর্ণ শহর। শহরটি লোহিত সাগরের কাছাকাছি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। ধারণা করা হচ্ছে, সেখানে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার চেষ্টা করেছে হুথিরা।
এদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে হামলার কয়েক ঘণ্টা পর আভহায় এ সতর্কতা জারি করা হয়। ওই হামলায় অন্তত একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিমানবন্দরকে লক্ষ্য করে হামলার খবরের মধ্যে আভহায় এ সতর্কতা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে সতর্কতা জারির সঙ্গে রিয়াদের বিমানবন্দরে হামলার কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানায়নি।
সূত্র: আল জাজিরা
মূল প্রতিবেদনে যান ↗