ঢাকা: সর্বনিম্ন ৩০ হাজার টাকা মাসিক বেতন ও বকেয়া পরিশোধের দাবিতে রাজধানীর উত্তরায় টানা পঞ্চম দিনের মতো আন্দোলন করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ ঘটনায় শ্রমিকদের পাশাপাশি পুলিশ সদস্যরাও আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজলক্ষ্মী এলাকায় শ্রমিকেরা এ আন্দোলন শুরু করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন।
রেজাউল করিম জানান, সকাল ১০টার দিকে উত্তরার উত্তরখান ও দক্ষিণখান থানা এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা কসাইবাড়ি রেলগেট, জামতলা রেলগেট, আজমপুর রেলগেট ও জসিমউদ্দিনের হলি ল্যাব মোড়ে জড়ো হতে শুরু করেন।
পরে বেলা ১১টার দিকে তারা রাজলক্ষ্মী-সংলগ্ন উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কে একত্রিত হন। সেখান থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশ অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় শ্রমিকেরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
ডিসি রেজাউল জানান, সংঘর্ষের সময় শ্রমিকেরা শিল্প পুলিশের দু’টি গাড়ি ভাঙচুর করেন এবং শিল্প পুলিশের এক সদস্যকে পিটিয়ে তার হাত ভেঙে দেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এ ঘটনার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা রাজউক মডেল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যান।
