টঙ্গিবাড়ীতে অভিযান চালিয়ে ৪২টি চোরাই বাইসাইকেল ও দুটি অটোরিকশাসহ সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা এসব বাইসাইকেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা। গতকাল শুক্রবার থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেনÑ আড়িয়াল ইউনিয়নের বিলের পাড় সানবাড়ী এলাকার শাহজাহান ওরফে শাহজাহান মুন্সী (৬৫) ও শামীম শেখ (২৮)। পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে চোরাই বাইসাইকেল সংগ্রহ করে বেচাকেনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বালিগাঁও বাজারের একটি গোডাউনে তল্লাশি চালিয়ে ৩৩টি মাঝারি ও ৯টি ছোট আকারের বাইসাইকেল এবং দুটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। সহকারী পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও চোরাই পণ্য কেনাবেচা রোধে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।