কাঠালিয়ায় স্লুইসগেট নির্মাণে অনিয়মের অভিযোগ
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
- আপডেট সময় : ১০:১২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
facing:0
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ঝালকাঠির কাঠালিয়ায় স্লুইসগেট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।
উপজেলার আমুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অধীনে স্লুইসগেটটির নির্মাণকাজ চলছে।
রোববার (১৮ অক্টোবর) ধারণ করা একটি ভিডিওতে নির্মাণকাজের বিভিন্ন অংশ দেখিয়ে অনিয়মের অভিযোগ করেন স্থানীয় কয়েকজন। তাঁদের দাবি, পানির মধ্যে আরসিসি ঢালাই দেওয়ায় কাজের মান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢালাইয়ের একটি অংশ থেকে পাথর সরে গিয়ে রড বেরিয়ে এসেছে।
স্থানীয়দের অভিযোগ, পানির প্রায় তিন ফুট ওপর থেকে ঢালাইয়ের কাজ করা হয়েছিল। তাঁদের আশঙ্কা, নির্মাণে যথাযথ মান বজায় না রাখলে স্লুইসগেটটির স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে ভবিষ্যতে সমস্যা দেখা দিতে পারে। এ কারণে তাঁরা নির্মাণকাজের মান যাচাই ও অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির দাবি, নির্মাণকাজে কোনো অনিয়ম হয়নি। স্থানীয়রা যে স্থানে ঢালাইয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন, সেখানে ঢালাই করা হয়নি।
এদিকে স্লুইসগেট নির্মাণের অগ্রগতি, প্রকল্পের বরাদ্দ এবং স্থানীয়দের অভিযোগের বিষয়ে জানতে বিএডিসির ঝালকাঠির সহকারী প্রকৌশলী মো. জামাল উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করা হয়। তাঁকে হোয়াটসঅ্যাপেও খুদে বার্তা পাঠানো হয়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
