নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যা মামলায় জড়িত সন্দেহে আশিকুর রহমান প্রাঙ্গন (২১) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪।
বুধবার (১৭ অক্টোবর) দুপুর ১টায় ময়মনসিংহ এসআরবি-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তবে, গ্রেপ্তারকৃতের সম্পূর্ণ ঠিকানা জানায়নি এসআরবি।
এর আগে গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নেত্রকোনা জেলার দুর্গাপুর পৌর শহরের শহিদ মিনার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হত্যাকাণ্ডের পর থেকেই এসআরবি-১৪ ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
হত্যার পরদিন ১৭ অক্টোবর রাতে অপূর্ব নামে এক যুবককে আটক করে পুলিশ। পরদিন ১৮ অক্টোবর আদালতে সোপর্দ করে। ১৯ অক্টোবর সাত দিনের রিমান্ড আবেদন করলে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
পরবর্তীতে গতকাল মঙ্গলবার পুনরায় সাত দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেনে আদালত। আটক সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব (২৩) এর আগে এক পুলিশ সদস্য হত্যা মামলায় আটক হয়েছিলেন। তিনি দুর্গাপুর পৌর শহরের শমসেরের ছেলে।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলিফ বেসরকারি টেলিভিশন রূপসী বাংলা’র দুর্গাপুর প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে সীমান্ত এলাকার বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রচার করতেন তিনি।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৬ অক্টোবর দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন। মামলাটির নম্বর ২৩। এতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারা উল্লেখ করা হয়েছে।
