প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭:১৮ পিএম
রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক। মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মণ্ডপগুলো পরিদর্শনকালে তিনি পূজা উদ্যাপন কমিটির সদস্য, আয়োজক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন তিনি।
পরিদর্শনকালে ওমর ফারুক পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও আয়োজনের খোঁজখবর নেন। উৎসবকে আনন্দমুখর ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনে আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
ওমর ফারুক বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ মিলেমিশে বসবাস করবে এবং একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়াবে, এটাই তাঁর প্রত্যাশা।
তিনি বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক এবং প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশ বজায় থাকুক। ইউনিয়নের সব পূজামণ্ডপে গিয়ে আয়োজকদের পাশে থাকার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।
চেয়ারম্যান পদপ্রার্থী আরও বলেন, কোলকোন্দ ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন, শান্তি ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় কাজ করতে চান তিনি। ইউনিয়নের প্রতিটি মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে সুন্দর, বৈষম্যহীন ও জনকল্যাণমুখী সমাজ গড়ে তুলতে সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে কুড়িবিশ্বা বটতলা দুর্গামন্দির পূজামণ্ডপে নৃত্য পরিবেশনায় অংশ নেওয়া ৪০ জনকে পুরস্কার প্রদান করেন ওমর ফারুক। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে সেরা পাঁচজন হিসেবে সোনামণি, পূজারানী, জবারানী, রূপসীরানী ও অনুরাধার নাম জানানো হয়। তাঁদের মধ্যে সেরাদের সেরা নির্বাচিত হন সোনামণি।
স্থানীয়দের মতে, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে যোগাযোগ ও সম্প্রীতি জোরদারের উদ্যোগ সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে পারে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুকের এ কার্যক্রম স্থানীয় নির্বাচনী আলোচনাতেও গুরুত্ব পাচ্ছে।
