Published on
:
1 min read
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ছয় বছর পেরিয়ে গেলেও তাঁকে ঘিরে নানা স্মৃতি ও আলোচনা আজও ফিরে আসে। এ বার প্রয়াত অভিনেতার জীবনের কঠিন সময়ের কথা জানালেন অভিনেত্রী স্মিতা জয়কর। তাঁর দাবি, সুশান্ত যখন মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে অবসাদের চিকিৎসা করাচ্ছিলেন, তখন তাঁর সাহায্য চেয়ে স্মিতার সঙ্গে যোগাযোগ করেছিলেন রিয়া চক্রবর্তী।
স্মিতার দাবি, সুশান্তকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন তিনি। এমনকী, তাঁকে নিজের আশ্রমে নিয়ে গিয়ে একটি হিলিং প্রক্রিয়ায় যুক্ত করার পরিকল্পনাও করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই সুশান্তর মৃত্যু হয় আজও সেটা নিয়ে আক্ষেপ রয়ে গিয়েছে স্মিতার মনে।
সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের সঙ্গে এক সাক্ষাৎকারে সুশান্তের সঙ্গে তাঁর সাক্ষাতের স্মৃতি ভাগ করে নেন স্মিতা জয়কর। অভিনয়ের পাশাপাশি আধ্যাত্মিক ও সামগ্রিক সুস্থতা সংক্রান্ত হিলিং পদ্ধতি নিয়েও কাজ করেন তিনি। স্মিতার সঙ্গে রিয়ার পরিচয় হয়েছিল ‘সোনালি কেবল’ ছবিতে একসঙ্গে কাজ করার সময়। সেই সূত্রেই তাঁদের মধ্যে হিলিং নিয়ে কথাবার্তা হয়েছিল।
স্মিতা জানান, সুশান্ত যখন হিন্দুজা হাসপাতালে অবসাদের চিকিৎসা করাচ্ছিলেন, তখন রিয়া তাঁকে ফোন করেন। সুশান্তকে সাহায্য করার জন্য তাঁর কাছে অনুরোধ জানিয়েছিলেন রিয়া। সেই অনুরোধে সাড়া দিয়েই অভিনেতাকে দেখতে হাসপাতালে যান স্মিতা।
সাক্ষাৎকারে স্মিতা বলেন, সুশান্তের সঙ্গে দেখা করার পর তাঁর বেশ ভালো লেগেছিল। অভিনেতা তাঁর সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলেছিলেন। সেই সময় সুশান্ত সম্ভবত ওষুধও খাচ্ছিলেন বলে জানান স্মিতা। তাঁর কথায়, সুশান্তকে দেখে বেশ খুশি বলেই মনে হয়েছিল।
