আন্তর্জাতিক ডেস্ক
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনায় বসতে চায় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ইরানি কর্তৃপক্ষ সম্প্রতি এ বিষয়ে যোগাযোগ করেছে।
ট্রাম্প বলেন, ‘ইরান গতকাল ফোন করেছে। আমার মনে হয়, যুক্তরাষ্ট্রের চাপের মুখে তারা ক্লান্ত হয়ে পড়েছে এবং এখন আলোচনা করতে চায়।’ তিনি জানান, বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে মাঠপর্যায়ের পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে ভিন্ন সিদ্ধান্তও নিতে হতে পারে।
ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে এ যোগাযোগকে সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। দেশটিতে মুদ্রাস্ফীতি, রিয়ালের অবমূল্যায়ন ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে গত ২৮ ডিসেম্বর বিক্ষোভ শুরু হয়, যা পরে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএর তথ্যমতে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৫৪৪ জন নিহত, এক হাজারের বেশি আহত এবং ১০ হাজারেরও বেশি মানুষ গ্রেফতার হয়েছে। তবে ইরান সরকার হতাহতের কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি।
