নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় জামে মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়।
মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, বিকেলে আসরের নামাজের পর মসজিদের মোয়াজ্জিন ইসরায়েন হোসেন ও কয়েকজন মুসল্লি মসজিদে দানবাক্সের কাছে গেলে তাদের চোখে পড়ে তালা ভাঙা। দানবাক্সের বাইরের দুটি ও ভেতরের একটি তালা ভেঙে বাক্সে থাকা সব টাকা-পয়সা নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে বাক্সে ঠিক কত টাকা ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি আরও জানান, সবশেষ ২৬ জুন দানবাক্সটি খোলা হয়েছিল। তখন বাক্স থেকে প্রায় পাঁচ হাজার টাকা বের করা হয়। এরপর আর দানবাক্সটি খোলা হয়নি। চুরির বিষয়টি তিনি মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদককে জানিয়েছেন।
এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর সরোয়ার মোরশেদ জানান, ছুটির দিন হওয়ায় তিনি উপজেলা পরিষদে উপস্থিত ছিলেন না। তবে চুরির বিষয়টি তিনি জানতে পেরেছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও জানিয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম বলেন, বিষয়টি থানায় জানানো হয়েছে। উপজেলা পরিষদের সিসিটিভি ফুটেজ রয়েছে। পুলিশ এলে ফুটেজ দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বাগাতিপাড়া মডেল থানার দায়িত্বে থাকা সাব ইন্সপেক্টর দোলা (ভারপ্রাপ্ত কর্মকর্তা) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
