নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া সাময়িক ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় আগের সময়সূচিতে ফিরেছে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট। এখন থেকে এসব প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।
বিদ্যুৎ বিভাগের গত ৫ অক্টোবরের নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। একই নির্দেশনায় বলা হয়, ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠানের জন্য পূর্বনির্ধারিত সময়সূচি কার্যকর হবে। সে অনুযায়ী, ২৩ অক্টোবর থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নিয়ম পুনর্বহাল হয়েছে।
বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে গত ১২ আগস্ট দেশের সব শপিংমল ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৭টার পর দোকানপাট ও শপিংমলে আলোকসজ্জা না করার নির্দেশ দিয়েছিল বিদ্যুৎ বিভাগ।
নির্দেশনার ফলে নির্ধারিত সময়ের পর দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা এবং আলোকসজ্জা করার ক্ষেত্রে সংশ্লিষ্টদের সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।

