জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বাসিন্দা ড. নজিবুর রহমান আর নেই। শনিবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ড. নজিবুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলার একজন রোকন ছিলেন।
এ ছাড়া তিনি উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। গৌরনদী পৌর জামায়াতের আমির আলহাজ মাওলানা হাফিজুর রহমান জানান, শনিবার বিশেষ কাজে ঢাকার উত্তরা এলাকার নিজ বাসা থেকে বিকেল ৩টার দিকে মেট্রোরেলে মগবাজারের উদ্দেশে রওনা হন ড. নজিবুর রহমান।
পথে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। মরহুমের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হয়। পরে রোববার সকাল ১০টায় গৌরনদীতে তার নিজ বাড়ির সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহসভাপতি ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী আলহাজ মাওলানা হাফেজ কামরুল ইসলাম খান, বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মাস্টার আব্দুল মান্নান, বরিশাল জেলা শুরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির ড. মাহাফুজুর রহমান,
বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম, জেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক মোশাররফ হোসেন, আগৈলঝাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আলাউদ্দিন মিয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন,
উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বায়েজিদ হোসেন শরীফ, সহকারী সেক্রেটারি আমিনুল ইসলাম সবুজ, জেলা মুফাসসিরীনের সেক্রেটারি মুফতি সাইফুল ইসলাম, ৭ নম্বর পৌর ওয়ার্ড আমির মুস্তাফা আনোয়ারুল ইসলাম টিপু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক ফুয়াদ হোসেন এ্যানিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। জানাজায় বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।
ড. নজিবুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
বিআলো/আমিনা