কাউনিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
‘শিক্ষক-অভিভাবকের সম্মিলিত শক্তি, শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের (ওআইজিএস) আয়োজনে এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে স্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওআইজিএসের পরিচালক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হারাগাছ মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুছ বসুনিয়া, হারাগাছ মেট্রো থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন, হারাগাছ পৌরসভার কাউন্সিলর রানা সরকার, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ মিয়া (বাবলু), আল-এহসান উলুম মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা মোরশেদুল ইসলাম, পূর্ব নাজিরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রাজ্জাক লাল, হারাগাছ আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজনু মিয়া, হারাগাছ ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমিনুর রহমান ও শিক্ষক রায়হান আলী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ওআইজিএসের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক। এ ছাড়া বক্তব্য দেন স্কুলের সাবেক শিক্ষার্থী ও নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী রাকিব জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্কুলের সাবেক ছাত্রী মারশিয়া রশিদ মিমি এবং এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী আতিকুর রহমান, সাফায়েত হোসেন, মোখলেছুর রহমান ও সুবর্ণা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের পরিশ্রমী ও অধ্যবসায়ী হতে হবে। তবে শুধু ভালো ফলাফল করলেই চলবে না, শিক্ষার্থীদের মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। সুশিক্ষা অর্জনের মাধ্যমে তারা যেন দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারে, সেদিকে গুরুত্ব দিতে হবে।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে থাকতে হবে। বর্তমানে সমাজে মাদকের বিস্তার উদ্বেগজনক। তাই কৌতূহলবশতও যেন কোনো শিক্ষার্থী মাদকের সংস্পর্শে না আসে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। সন্তানদের সঠিক পথে পরিচালিত করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
