Published : 13 Oct 2026, 01:25 PM
Updated : 13 Oct 2026, 01:00 PM
অবৈধ সিসা ব্যাটারি কারখানার দূষণ শিশুদের স্বাস্থ্য ও ভবিষ্যতের জন্য ঝুঁকি তৈরি করছে। এসব কারখানা বন্ধ করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে বন্ধ কারখানার শ্রমিকদের বিকল্প পেশায় যুক্ত হওয়ার প্রশিক্ষণ ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন তরুণ পরিবেশকর্মী সোহানুর রহমান।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ইউনিসেফ ও পিওরআর্থের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে তাদের সংগঠন ইউথনেট গ্লোবাল দেশের ৬৪ জেলায় যুব সংগঠনগুলোকে সম্পৃক্ত করেছে।
সিসামুক্ত সপ্তাহে সচেতনতামূলক শোভাযাত্রা, বিদ্যালয়ভিত্তিক প্রচার ও জনসম্পৃক্ততামূলক কার্যক্রম চালানো হয়। তবে তাদের কাজ শুধু সচেতনতা তৈরির মধ্যে সীমাবদ্ধ নয়। সারা বছর সিসাদূষণের উৎস শনাক্ত করতেও তারা কাজ করেন।
সোহানুরের দাবি, গত দুই বছরে প্রায় ১০০টি সিসা কারখানা বন্ধ করার উদ্যোগের সঙ্গে তারা যুক্ত ছিলেন। তবে কারখানা বন্ধ হওয়ার পর শ্রমিকদের জীবিকা নিয়ে নতুন সংকট তৈরি হয়। বিকল্প পেশায় যুক্ত হওয়ার প্রশিক্ষণ ও সামাজিক সুরক্ষা না থাকায় তাদের দুর্ভোগ বাড়তে পারে।
তিনি বলেন, সিসাদূষণ প্রতিরোধে কারখানা বন্ধ করার পাশাপাশি শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও বিবেচনায় নেওয়া প্রয়োজন। একই সঙ্গে বন্ধ কারখানা আবার চালু হচ্ছে কিনা, তা নজরদারির আওতায় রাখা জরুরি।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।
