হেফাজতে ইসলামের তত্ত্বাবধানে কওমি ঘরানার সাতটি ইসলামী রাজনৈতিক দল নতুন কোনো রাজনৈতিক দল গঠন না করে ‘সমমনা ইসলামী দল’ নামে অভিন্ন ব্যানারে একসঙ্গে কার্যক্রম পরিচালনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলূম মাদ্রাসায় সাতটি ইসলামী দলের বৈঠক শেষে এ তথ্য জানান হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান। এ জোটে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
হেফাজত মহাসচিব ও মুখপাত্র সাজিদুর রহমান আমাদের সময়কে বলেন, ‘সমমনা ইসলামী দল’ প্ল্যাটফর্মে সাতটি দল একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়েছে। এর মধ্যে যেসব দল অন্য
কোনো জোটে রয়েছে, তারাও সেই জোট ছেড়ে নতুন এ রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার বিষয়ে সম্মত হয়েছে। তিনি বলেন, আগামী ৫ ডিসেম্বর সাতটি দলের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। পক্ষান্তরে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সমমনা ইসলামী দলগুলোর ঐক্যপ্রচেষ্টার লিয়াজোঁ কমিটির সদস্য মোহাম্মদ ফয়সাল বলেন, আজকের বৈঠকে তিনি উপস্থিত ছিলেন জানিয়ে বলেন, আলোচনার একপর্যায়ে জোটের বিভিন্ন শর্ত নিয়ে কথা ওঠে এবং একটি প্রস্তাব রাখা হয় যে—অন্য কোনো দল বা জোটের সঙ্গে যুগপৎভাবে থাকা যাবে না। এ বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিয়েছি, কোনো চাপিয়ে দেওয়া শর্ত আমরা মানব না। কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই কেবল অভিন্ন মৌলিক ইস্যুগুলোয় আমরা একসঙ্গে কাজ করতে প্রস্তুত। তিনি আরও স্পষ্ট করেন, কোনো জোটে থাকা না থাকা একান্তই সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নিজস্ব ও অভ্যন্তরীণ নীতিগত সিদ্ধান্ত। এ বিষয়ে কোনো ধরনের টানাটানি বা অন্য কারও দিকনির্দেশনা গ্রহণযোগ্য নয়। আজকের বৈঠকে জোট ত্যাগ করা নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস কোনো সিদ্ধান্ত নেয়নি এবং আমরা জোট ছেড়ে দেব— এমন কোনো কথাও বলিনি। কোন দল জোটে থাকবে আর কোন দল থাকবে না, তা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা গণমাধ্যমে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য প্রচারের কথা ছিল না।
হেফাজতের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানি আমাদের সময়কে বলেন, আগামী ৫ ডিসেম্বর আবার বৈঠক হবে। এর আগে বলা যাচ্ছে না জোটবদ্ধ না এককভাবে নির্বাচন করব। বেশকিছু বিষয়ে এখনও মত পার্থক্য রয়েছে। এগুলোর সমাধান না হলে বলা যাচ্ছে না। তবে এক্যৈর বিষয়ে আশাবাদী বলে জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা আমাদের সময়কে বলেন, হেফাজত অরাজনৈতিক দল, হেফাজত নিজে নির্বাচন করবে না। তবে হেফাজতের তত্ত্বাবধানে সাতটি দল একজোট হয়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আশাবাদী তারা। হেফাজতের নেতারা বলেন, মূলত আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার লক্ষ্যেই গত কয়েক মাস ধরে এই জোট গঠনের প্রক্রিয়া চলছিল। তবে সবশেষ জাতীয় নির্বাচনে কওমি ধারার দলগুলো বিএনপি ও জামায়াত জোটে যুক্ত হলেও এবার দলীয় প্রতীকবিহীন স্থানীয় নির্বাচনে বিএনপি ও জামায়াত একক প্রার্থী দেওয়ার ঘোষণা দেয়। এরপরই স্থানীয় নির্বাচনে একসঙ্গে লড়তে হেফাজতে ইসলামের মধ্যস্থতায় নতুন এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে কওমিপন্থি দলগুলোকে নিয়ে।
