কালবেলা · স্বাস্থ্য
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
১৩/১০/২০২৬

ফুসফুসের অস্ত্রোপচারের জন্য রোমের হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে ইতালির রোমে অবস্থিত আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যাটিকানের পক্ষ থেকে পোপের আপডেট জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে পোপের অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। অধ্যাপক স্তেফানো মার্গারিতোরার নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি দল এ অস্ত্রোপচার পরিচালনা করবে।
ভ্যাটিকানের হলি সি প্রেস অফিস টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছে। অস্ত্রোপচার ও পোপের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য সন্ধ্যায় জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।
তথ্যানুযায়ী, ফুসফুসের একটি নডিউল অপসারণের জন্য অস্ত্রোপচার করা হবে। ফুসফুসের নডিউল বলতে ফুসফুসের টিস্যুতে তৈরি হওয়া ছোট একটি অস্বাভাবিক দাগ বা গুটিকে বোঝায়। তবে পোপের ফুসফুসে থাকা নডিউলটির প্রকৃতি কিংবা এটি ক্যানসারজনিত কি না, সে বিষয়ে ভ্যাটিকানের বিবৃতিতে কিছু জানানো হয়নি।
অস্ত্রোপচার শেষে পোপের শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিক হালনাগাদ তথ্যের অপেক্ষায় রয়েছেন অনুসারীরা।
সূত্র: আনাদোলু এজেন্সি
মূল প্রতিবেদনে যান ↗