তারিকুল ইসলাম, কালাই (জয়পুরহাট)প্রতিনিধি
জয়পুরহাটের কালাই থানা চত্বরের ভেতরে আসলাম হোসেন (২৮) নামে এক যুবক প্রবেশ করে কাঠের বাটাম দিয়ে কিছু বুঝে ওঠার আগেই তিন পুলিশ সদস্যেকে এ্যালোপাতারি মারপিট করে দ্রুত পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় তিন পুলিশ সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নেওয়া হয়েছে। বর্তমানে ওই তিন পুলিশ সদস্য কমস্থলে বিশ্রামে রয়েছে।
এ ঘটনা গত ১৯ অক্টোবর (সোমবার) রাত সোয়া ৭টায় কালাই থানার ভিতরে ঘটেছে।
এ ঘটনায় পরদিন ২০ অক্টোবর পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। ঘটনার একদিন পর ২০ অক্টোবর রাতে পুলিশ মারপিটের ঘটনায় জড়িত আসলাম হোসেনকে গ্রেফতার করে আজ বুধবার দুপুরে জেলহাজতে প্রেরণ করেছে।
আহত তিন পুলিশ সদস্যরা হলেন, কালাই থানার কনস্টেবল মাহমুদুল হাসান রকি, গাড়ী চালক কনস্টেবল মাসুদ রানা এবং এস আই (নিরস্ত্র) আহসান হাবীব। পুলিশ মারার ঘটনায় জড়িত আসলাম হোসেন কালাই পৌরশহরের থুপসাড়ার মহল্লার মুনসুর রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে চলতি দুর্গাপূজার দায়িত্ব পালন করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কালাই থানার পুলিশ সদস্যরা। এ সময় হাতে কাঠের বাটাম নিয়ে সবার অগোচরে থানার ভিতরে কর্মরত ডিউটি অফিসারের অফিস কক্ষের সামনে গিয়ে দাড়ান আসলাম হোসেন। এ সময় থানা চত্বরের ভিতরে ভবনের মুল ফটকে সেন্ট্রি দায়িত্বে থাকা নারী কনস্টেবল মোছা. স্মৃতি আকতার তাঁর পরিচয় ও থানায় আসার কারণ জানতে চান। এ সময় আসলাম ওই নারী কনস্টেবলের কথার কোনো জবাব না দিয়েই পাশে দাড়িয়ে থাকা কনস্টেবল মাহমুদুল হাসান রকিকে লক্ষ্য করে বাটাম দিয়ে আঘাত করতে থাকেন।
এ্যালোপাতারি মারপিটের কারনে কনস্টেবল মাহমুদুল হাসান রকির বাম চোয়ালে আঘাতপ্রাপ্ত হয়ে বাঁচার জন্য দৌড় দিলে তখন আসলাম তার পিছু ধাওয়া করে। এ সময় কনস্টেবল মাহমুদুল হাসান রকি রক্তাক্ত জখম হয়।
এ ঘটনা অন্যান্য পুলিশ সদস্যরা দেখে আসলামকে আটকানোর চেষ্টা করলে সে আরও বেগতিক হয়ে ওঠে এবং থানার পিকআপ চালক কনস্টেবল মাসুদ রানার পিঠে আঘাত করেন। এ অবস্থায় কনস্টেবল মাসুদ রানাকে উদ্ধার করতে এস আই (নিরস্ত্র) আহসান হাবীব এগিয়ে আসলে তাকেও মারপিট করে আসলাম। এতে পিকআপ চালক কনস্টেবল মাসুদ রানা ও এস আই (নিরস্ত্র) আহসান হাবীব গুরুতর যখম হয়। পরে থানার ওসি তদন্ত ইমায়েদুল জাহেদীসহ অন্যান্য পুলিশ সদস্যরা আসলামকে আটকাতে এগিয়ে এলে সে হাতে থাকা কাঠের বাটাম ফেলে দিয়ে দ্রুত থানার ভিতর থেকে পালিয়ে যান।
এ ঘটনায় আহত পুলিশ সদস্যদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরদিন পুলিশ অভিযুক্ত আসলাম হোসেনকে আসামী করে মামলা দায়ের করলে রাতেই তাকে গ্রেফতার করেন। অভিযুক্ত আসলামের বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, থানায় ঢুকে আসলাম হোসেন নামে এক যুবক থানার তিন পুলিশ সদস্যর ওপর হামলা করায় তারা গুরুত্বর যখম হয়েছে। ঘটনার সময় আমি মন্ত্রী মহোদয়ের ডিউটিতে ছিলাম। এ ঘটনায় পরদিন পুলিশ বাদী হয়ে থানায় মামলা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত আসলামকে গ্রেপ্তার আজ বুধবার দুপুরে জয়পুরহাট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
The post থানার ভিতরে ঢুকে তিন পুলিশ সদস্যকে মারপিট করে যুবক appeared first on GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ.
