‘ঘর থেকেই শুরু করি—দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় আত্মরক্ষার কৌশল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে শোভাযাত্রা, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে সেখানে আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতিতে কীভাবে নিরাপদে নিজেদের রক্ষা করা যায়, সে বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম তুলে ধরা হয়।
জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ কে এম শাহা আলম মোল্লা, নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আক্তার হামিদ খান এবং নাটোর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইদুর রহমান। এ ছাড়া ফায়ার সার্ভিসের কর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আগাম প্রস্তুতি নিতে হবে। নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম ও সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানো সম্ভব।
এই বাংলা/এমএস
