নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের ডিটপুর গ্রামে নিজ বাড়িতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটায় নিহত আলিফ ফকিরের জানাজা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমদ খান জানান, ওই সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতালে পাঠানো হলে দুপুরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।
বিজ্ঞাপন
স্বজনদের কান্না আর আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে। পরিবার ও আত্মীয়স্বজনের মধ্যে চলছে শোকের মাতম। তারা আসামিদের শনাক্ত ও বিচারহীনতার ভয়ে রয়েছেন। শুক্রবার নিহত লুৎফুজ্জামানের স্ত্রী অনিন্দিতা সংমা রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান।
নেত্রকোনা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মামলার পর জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালানো হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের কিছুটা ভেতরে তেলনজিয়া এলাকায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়। তিনি বেসরকারি আইপিটিভি (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি সামাজিক মাধ্যমে ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজ চালাতেন।
এমএইচ
