ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে দাবি করেছেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। তিনি বলেন, সারা দেশের মতো পটুয়াখালীতেও ‘র’-এর লোক রয়েছে। তাদের চিহ্নিত করে নজরদারিতে রাখতে হবে, যাতে তারা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় পটুয়াখালীর দুমকি উপজেলার সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আঙ্গারিয়া ইউনিয়নে সংসদ সদস্যের প্রতিনিধি জহির উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক মো. মজিবর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জে এম আনিসুর রহমান, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু।
প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের পালাক্রমে পাহারা দিতে হবে।
তিনি আরও বলেন, জনগণের অন্যতম সমস্যা পায়রা নদীর ভাঙন রোধে তিনি কাজ করে যাচ্ছেন। কিছুদিনের মধ্যেই এ কার্যক্রমের অগ্রগতি দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রতিটি ঘরে ঘরে টিউবওয়েল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সংসদ সদস্য বলেন, তিনি পাঁচ হাজার টিউবওয়েলের জন্য আবেদন করেছেন, যাতে ইতিমধ্যে প্রধানমন্ত্রী স্বাক্ষর করেছেন।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টির নাম উল্লেখ না করে তাকে ইঙ্গিত করে আলতাফ হোসেন চৌধুরী বলেন, পটুয়াখালীতে ‘র’-এর এজেন্ট রয়েছে এবং তাদের চেনা আছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন দুমকি উপজেলা যুবদলের সভাপতি জাকির হোসেন মিলন, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রুবেল, উপজেলা যুবদল নেতা সৈয়দ মনির হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
