রাজধানীর পুরান ঢাকায় দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য আগামী ৮ ডিসেম্বর দিন নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
সোমবার (১৯ অক্টোবর) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এ দিন ধার্য করেন। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
এর আগে, বহুল আলোচিত এ হত্যা মামলায় আপিলের দ্রুত শুনানির জন্য আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সোমবার আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় ওঠে। পরে আদালত শুনানির জন্য ৮ ডিসেম্বর দিন ধার্য করেন।
২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে বিশ্বজিৎ দাসকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ২০১৩ সালের ৫ মার্চ ছাত্রলীগের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিজ্ঞাপন
একই বছরের ১৮ ডিসেম্বর ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক এ বি এম নিজামুল হক এ মামলায় আটজনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি দণ্ডের বিরুদ্ধে আপিল করেন আসামিরা।
২০১৭ সালের ৬ আগস্ট হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট আসামির মধ্যে রফিকুল ইসলাম শাকিল ও রাজন তালুকদারের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। বাকি ছয়জনের মধ্যে চারজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং দুজনকে খালাস দেওয়া হয়।
বিজ্ঞাপন
মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া চার আসামি হলেন মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জি এম রাশেদুজ্জামান শাওন ও মীর মো. নূরে আলম লিমন। খালাস পান সাইফুল ইসলাম ও কাইয়ুম মিঞা টিপু।
এছাড়া, বিচারিক আদালতে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া এ এইচ এম কিবরিয়া ও গোলাম মোস্তফাকে হাইকোর্ট খালাস দেন। তবে, রায়ের বিরুদ্ধে আপিল না করায় বিচারিক আদালতে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া বাকি ১১ জনের সাজা বহাল থাকে।
বিজ্ঞাপন
তারা হলেন খন্দকার ইউনুস আলী, তারেক বিন জোহর, আলাউদ্দিন, ওবায়দুল কাদের, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল আমিন শেখ, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, কামরুল হাসান ও মোশাররফ হোসেন।
এফএইচ/এএমএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
