নির্ধারিত মৌসুম ছাড়া পর্বতারোহীদের উদ্ধার অভিযানে ফি ধার্যের পরিকল্পনা (৩) উদ্ধার ফি পরিকল্পনার বিস্তারিত বিবরণ
জাপানের দৈনন্দিন জীবন সম্পর্কিত প্রশ্নের উত্তর দিচ্ছে এনএইচকে। সেপ্টেম্বর মাসে ফুজি পর্বতের সীমানা বিভক্তকারী দুটি জেলা সরকার, নির্দিষ্ট কিছু শর্তে নির্ধারিত মৌসুম ছাড়া পর্বতারোহীদের উদ্ধার অভিযানের জন্য ফি ধার্য করার পরিকল্পনা ঘোষণা করেছে। চলতি ধারাবাহিকে আমরা এই পরিকল্পনার বিস্তারিত বিবরণ এবং এর প্রেক্ষাপট খতিয়ে দেখছি। আজ আমরা ফি নির্ধারণ নীতির প্রতি গভীরভাবে নজর দেবো।
ফুজি পর্বতের দুই প্রান্তে অবস্থিত দুটি জেলা শিযুওকা এবং ইয়ামানাশি, পর্বতারোহীদের জড়িত থাকা উদ্ধার অভিযানের জন্য ফি ধার্য করার পরিকল্পনা ঘোষণা করেছে। যে-সব পর্বতারোহী আগে থেকে তাদের আরোহণ পরিকল্পনা জমা দেননি, সেই সকল পর্বতারোহীদের বেলায় ইয়ামানাশি জেলার কর্মকর্তারা হেলিকপটারের জ্বালানি খরচের সাথে কর্মী খরচও যোগ করার কথা বিবেচনা করছেন। এমনকি পর্বতারোহীরা আরোহণের পরিকল্পনা জমা দিলেও যাদের সরঞ্জাম বা প্রস্তুতি অপর্যাপ্ত বলে বিবেচিত হবে, অথবা যাদের আচরণ বেপরোয়া বলে গণ্য হবে, তাদের কাছ থেকেও ফি আদায়ের বিষয়টি কর্মকর্তারা বিবেচনা করছেন।
ইয়ামানাশি জেলা কর্তৃপক্ষ ২০২৭ সালের সেপ্টেম্বর মাস থেকে নতুন এই নীতির বাস্তবায়ন শুরুর পরিকল্পনা করছে। শিযুওকা জেলাও একই রকম পদক্ষেপ গ্রহণ বিবেচনা করে দেখছে।
আমাদের পরবর্তী পর্বে, আমরা পরীক্ষা করে দেখব, কেনো এরকম পদক্ষেপসমূহের প্রস্তাব করা হয়েছে।
এই তথ্যসমূহ ২০২৬ সালের ২১শে অক্টোবর পর্যন্ত নেয়া।