সংবাদ · দেশ
সৌদি আদালতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে ঢাকা
২০/১০/২০২৬

সৌদি আরবের আদালতে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ডাদেশের ঘটনায় বিস্তারিত জানতে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ। দণ্ড কার্যকরের বিষয়ে প্রয়োজনীয় তথ্য চাওয়ার পরই এই আইনি ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘রায়ের কপি হাতে পেলে আমরা বিষয়টি আরও স্পষ্টভাবে মূল্যায়ন করতে পারব এবং পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে।’মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন প্রবাসী বাংলাদেশি–যাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন, তাদের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। ফেসবুকে ছড়ানো নানা পোস্ট বা গুজবে কান না দিয়ে সবাইকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে তিনি বলেন, অনলাইন বা সামাজিক মাধ্যমে নানা ধরনের ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে, তাই এ বিষয়ে সতর্ক থাকা জরুরি।পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সংশ্লিষ্ট নথিপত্র হাতে পাওয়ার পর ঢাকা আইনি দিকগুলো পর্যালোচনা করবে। এরপর সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ নির্ধারণ করা হবে। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তথ্য চাওয়া হয়েছে এবং জেদ্দাস্থ বাংলাদেশ মিশনের মাধ্যমে উত্তরের অপেক্ষা করছে ঢাকা।তিনি আরও জানান, সৌদি কর্তৃপক্ষ নিয়মিত বিরতিতে সে দেশের কারাগারে বন্দি থাকা বাংলাদেশিদের নাম, পরিচয় ও মামলার বিবরণসহ একটি তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয় ও রিয়াদ-জেদ্দায় অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে পাঠায়। ওই তালিকায় এই দুই ব্যক্তির নাম অন্তর্ভুক্ত রয়েছে কি না, তা-ও নিবিড়ভাবে যাচাই করা হচ্ছে।সৌদি আরবে কর্মরত বিশালসংখ্যক বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি পুনর্ব্যক্ত করে শামা ওবায়েদ বলেন, ‘আমাদের নাগরিকেরা যাতে বিদেশে নিরাপদে কাজকর্ম করতে পারেন, তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। আমরা সবসময় এই বিষয়টি বিবেচনায় রেখেই কাজ করি।’দণ্ডপ্রাপ্তদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের কাছে এখনো পর্যন্ত বিস্তারিত ব্যক্তিগত তথ্য নেই এবং পরিবারের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো আবেদন বা তথ্য পাওয়া যায়নি।সৌদি আরবের সার্বিক সুবিধাজনক কূটনৈতিক প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান এবং রেমিট্যান্স প্রবাহের দিক থেকে সৌদি আরব বাংলাদেশের অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ সহযোগী দেশ।সূত্র: বাসস/
মূল প্রতিবেদনে যান ↗