দিনাজপুরে স্থানীয় পণ্যের উৎপাদন ও বাজার সম্প্রসারণে কর্মশালা
দিনাজপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৪৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
দিনাজপুরে স্থানীয় পণ্যের উৎপাদন, বাজারজাতকরণ ও বাজার সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে দিনাজপুরের বালুবাড়ীতে পল্লীশ্রী বেগম তৈয়বা মজুমদার মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। ‘থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট (ইএসডিও)’ প্রকল্পের আওতায় পল্লীশ্রীর বাস্তবায়নে এবং হেকস/ইপার-এর সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর বিসিকের উপমহাব্যবস্থাপক মো. জাহিদুল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল এবং হেকস/ইপার-এর পার্টনারশিপ ম্যানেজার ও উপদেষ্টা। এ ছাড়া ইএসডিওর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালার শুরুতে ইএসডিওর প্রশিক্ষণ সমন্বয়ক সুজন খানের সঞ্চালনায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও কর্মএলাকা তুলে ধরেন প্রকল্প সমন্বয়ক কাজী মো. সিরাজুস সালেকিন।
কর্মশালায় বাঁশের পণ্য, মাটির পণ্য এবং কামার বা লৌহজাত পণ্যের উৎপাদন, ধরন ও বাজারজাতকরণ পদ্ধতি নিয়ে আলোচনা হয়। স্থানীয় অর্থনীতি ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এসব পণ্যের সম্ভাবনাও তুলে ধরা হয়।
দলীয় অনুশীলনে অংশগ্রহণকারীরা পণ্যভিত্তিক বাজারের চাহিদা, উৎপাদন ও বিপণনের চ্যালেঞ্জ চিহ্নিত করেন। পাশাপাশি এসব সমস্যা সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করেন। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সংযোগ ও সমন্বয় বাড়ানোর বিষয়েও মতবিনিময় হয়।
দিনব্যাপী কর্মশালায় দিনাজপুরের বোচাগঞ্জ, কাহারোল ও বিরামপুর উপজেলার বাঁশ, মাটি ও কামারশিল্পের সঙ্গে যুক্ত পরিবারের সদস্যরা অংশ নেন। স্থানীয় পণ্যের প্রদর্শনী ও ডিজিটাল উপস্থাপনার মধ্য দিয়ে কর্মশালার কার্যক্রম শেষ হয়।
