এলপিজি ব্যবসায়ীদের চলমান ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি এ কথা জানান।
জ্বালানিমন্ত্রী বলেন, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। পাশাপাশি জ্বালানির দামে স্থিতিশীলতা নেই। বর্তমানে জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রই একমাত্র নির্ভরযোগ্য উৎস হিসেবে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। অন্যান্য উৎস থেকেও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক নেই।
তিনি বলেন, এ পরিস্থিতিতে ভোক্তা পর্যায়ে জ্বালানির দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে। এমন অবস্থায় কেউ নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ধর্মঘটের চেষ্টা করলে ১৯৫৬ সালের আইন প্রয়োগ করা হবে। কথায় কথায় ধর্মঘট ডেকে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা কোনোভাবেই গ্রহণ করা হবে না।
মন্ত্রী আরও বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে এবং জনগণ আস্থা রেখে সরকারকে দায়িত্ব দিয়েছে। তাই জনগণ যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে।
ধর্মঘটের পথে না গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, এলপিজি ব্যবসায়ীদের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে চলতি মাসেই আবারও বৈঠকে বসা হবে।
The post এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী appeared first on ভোরের চেতনা.
