যশোরের চৌগাছা বাজারে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত নুরুল আলম (৬০) নামে এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের ইসলামী ব্যাংক প্রাঙ্গণের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল আলম উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ফতেপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পথচারী নুরুল আলম রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ধাওয়া করে ট্রাকসহ চালক শাহীনকে (৪৮) আটক করেন। খবর পেয়ে চৌগাছা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালক ও ট্রাকটিকে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেএইচআর
