বেশ কদিন ধরেই শোনা যাচ্ছে এমন কথা। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য জীবন নাকি ভাঙতে চলেছে! বিভিন্ন পত্র-পত্রিকায় ইতোমধ্যে সংবাদের শিরোনাম সিনে অঙ্গনের জনপ্রিয় এই দম্পতি।
ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন, সংসার ভাঙছে ফারুকী-তিশার, দূরত্ব তৈরি হয়েছে ফারুকী-তিশার—এমন কথাগুলোই এখন নেটমাধ্যমে আলোচনা ও সংবাদের শিরোনাম। সপ্তাহ দুয়েক ধরে এমন কথা শোনা যাচ্ছে। এতগুলো দিন পেরিয়ে গেলেও কার্যত নির্বাক ফারুকী-তিশা দম্পতি। ফলে এ গুঞ্জনের পালে হাওয়া লেগেছে একটু জোরালোভাবেই।
সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে তাদের দুজনের কারও প্রোফাইলেই এ প্রসঙ্গে কোনো বক্তব্য দেখা যায়নি। এমনকি কোনো মিডিয়াতেও তারা বক্তব্য দেননি। এদিকে সময় যতো যাচ্ছে, সামাজিক মাধ্যমে এ গুঞ্জন আরও চাউর হচ্ছে।
কিছু কিছু সংবাদ মাধ্যম এও দাবিও করেছে, তাদের একমাত্র কন্যাসন্তানকে তিশা ফারুকীর কাছ থেকে আলাদা থাকছেন। যদিও এর সত্যতা নিয়ে রয়েছে প্রশ্ন।
তবে তাদের বিচ্ছেদ গুঞ্জন চললেও যে যার মতো ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। সম্প্রতি একটি ওয়েব ফিল্ম প্রযোজনা করেছেন তিশা। এদিকে চলচ্চিত্র নিয়ে সাম্প্রতিক সময়ে ফারুকীর একটি পোস্টও চোখে পড়েছে তার টাইমলাইনে। যদিও নেটিজেনরা প্রশ্ন তুলছেন, এতদিন ধরে চলা এই গুঞ্জনের পর কেন মুখে কুলুপ এঁটেছেন ফারুকী ও তিশা।
এই দম্পতির পথচলার শুরু বহুদিন আগে থেকেই। কাজের সূত্র ধরেই তাদের পরিচয়। এরপর বন্ধুত্ব, সেখান থেকে প্রেম। পাঁচ বছরের প্রেমের সম্পর্কে থাকার পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন তারা; ২০২২ সালে তাদের ঘরে আসে কন্যাসন্তান। এর চার বছর পর শোনা যাচ্ছে তাদের এই দূরত্বের গুঞ্জন।
অতঃপর, এ প্রসঙ্গে তিশার সঙ্গে যোগাযোগ করা হয়; তবে কোনো সাড়া পাওয়া যায়নি।
