কুমিল্লার বরুড়া পৌরসভার বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে পৌরসভার নয়নতলা, পাঠানপাড়া ও ডেওয়াতলিসহ বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আহতদের মধ্যে বরুড়ার ফারহানা (৩৫), মনু মিয়া (৭২), তাঁর ছেলে ইকবাল (২৮), তানিয়া (৪৮) ও ফাহিমা রয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে আরও অনেকে রয়েছেন বলে জানা গেছে।
বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজা সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাত্র দুই ঘণ্টার মধ্যে প্রায় ২০ থেকে ২২ জন কুকুরের কামড়ে আহত হওয়ার কথা জানিয়ে হাসপাতালে এসেছেন। এগুলো যদি পাগলা কুকুরের কামড় হয়ে থাকে, তাহলে জীবন নিয়ে শঙ্কা রয়েছে। একই সময়ে এত রোগী কীভাবে কুকুরের কামড়ে আহত হলেন, তা খতিয়ে দেখা প্রয়োজন।
তিনি আরও বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে চিঠি দেওয়া হবে।
একই সময়ে বিভিন্ন এলাকায় এত মানুষের কুকুরের কামড়ে আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন বাসিন্দারা।
