শারদীয় দুর্গাপূজার আনন্দ, উৎসবের গল্প, গান, নাচ আর হাসি-আড্ডায় শিশুদের জন্য বর্ণিল আয়োজন সাজিয়েছে দুরন্ত টিভি। দুর্গাপূজা উপলক্ষে চ্যানেলটিতে প্রচারিত হবে বিশেষ নাটক, রান্নার অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, সংগীত পরিবেশনা ও আড্ডার আসর। ১৯ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অষ্টমী, নবমী ও বিজয়া দশমী ঘিরে এসব অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুদের জন্য উৎসবের আনন্দকে আরও রঙিন করে তুলতে চায় চ্যানেলটি।
দুরন্ত টিভির পূজার বিশেষ আয়োজনের অন্যতম ‘হৈ হৈ হল্লা’। পার্থ প্রতিম হালদারের পরিচালনায় নাটকটির গল্প আবর্তিত হয়েছে একটি বাড়ির পাঁচটি ফ্ল্যাটে বসবাসকারী ভিন্ন ধর্মের পাঁচটি পরিবারকে ঘিরে। সব উৎসব একসঙ্গে উদ্যাপন করা পরিবারগুলো দুর্গাপূজাকে কেন্দ্র করে মেতে ওঠে আনন্দে। এরই মধ্যে বাড়ির শিশুরা আয়োজন করে একটি মঞ্চনাটকের। নাটকটি করতে গিয়ে একের পর এক মজার ঘটনা ঘটতে থাকে। এসব হাস্যরসাত্মক ঘটনা নিয়েই নির্মিত হয়েছে বিশেষ নাটকটি। এতে অভিনয় করেছেন কাজী আফরা ইভিলিনা, ইশরাক তূর্য, সমাদৃতা প্রহর, আয়াজ মাহমুদ, রাঈদা ঋ জুনি, কাওসার বিন মামুন, আবুল হায়াত, শাহানাজ খুশীসহ অনেকে। নাটকটি প্রচারিত হবে ১৯, ২০ ও ২১ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে এবং রাত ৯টা ৩০ মিনিটে।
উৎসবের আনন্দের সঙ্গে রান্নার স্বাদ আর পারিবারিক গল্পের মেলবন্ধন ঘটাবে ‘বানাই মজার খাবার মা বাবা আর আমি’। এ অনুষ্ঠানে একজন শিশু তার মা অথবা বাবাকে সঙ্গে নিয়ে তৈরি করবে বিভিন্ন মজার খাবার। রান্নার ফাঁকে চলবে গল্প আর আনন্দময় সময় কাটানো। অষ্টমীর পর্বে থাকবেন গৃহী সাহা ও তার মা, নবমীর পর্বে শ্রীনিধি সরকার রাধিকা ও তার বাবা এবং দশমীর পর্বে পূর্ণা আনন্দিতা ও তার মা। আমিনা নওশিন রাইসার পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন রন্ধনশিল্পী আফিফা আখতার লিটা। ১৯, ২০ ও ২১ অক্টোবর দুপুর ১টা এবং সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।
এদিকে পূজার স্মৃতি, সময়ের পরিবর্তন আর প্রজন্মের গল্প নিয়ে সাজানো হয়েছে ‘শারদীয় আড্ডা’। এতে শিশুদের সঙ্গে কথোপকথনে একাল-সেকালের দুর্গাপূজার নানা মজার অভিজ্ঞতা তুলে ধরবেন তাদের দিদা। অনুষ্ঠানে শিশুশিল্পী হিসেবে থাকছে পূর্ণা আনন্দিতা, উক্তি অধিকারী ও স্বর্গ। দিদার চরিত্রে দেখা যাবে বিশিষ্ট নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়কে। অনুষ্ঠানটি প্রচারিত হবে ১৯ অক্টোবর দুপুর ১২টায়।
নাচের ছন্দে পূজার আবহ ছড়িয়ে দিতে থাকছে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘মঙ্গলালোকে’। এতে অংশ নেবেন নৃত্যসংগঠন ‘কল্পতরু’র শিল্পীরা। তাঁদের মধ্যে রয়েছেন রুদমিলা প্রিয়ন্তি চৌধুরী, নোহলী ইসলাম শ্রেয়া, সুমাইয়া আক্তার শোভা, আমিরা মাহমুদ, আনুদিয়া আনুভ, আবেয়া আকন্দ, মধুরিমা রয়সহ অনেকে। অনুষ্ঠানটি দেখা যাবে ২০ অক্টোবর দুপুর ১২টায়।
বিজয়া দশমীর আনন্দ ও শুভেচ্ছা বিনিময়ের জন্য থাকছে ‘শুভ বিজয়া’। এতে শিশুশিল্পী বর্ণমালা, কথা ও সমৃদ্ধের সঙ্গে পূজার নানা মজার গল্পে অংশ নেবেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়। পার্থ প্রতিম হালদারের পরিচালনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ২১ অক্টোবর দুপুর ১২টায়।
গানের আয়োজনেও থাকছে পূজার বিশেষ চমক। দুরন্ত টিভির নিয়মিত সংগীতানুষ্ঠান ‘রঙের খেলায় সুরের ভেলায়’-এর বিশেষ পর্ব ‘রঙের খেলায় সুরের ভেলায় পূজার মেলা’য় শিশুদের সঙ্গে গান গাইবেন সংগীতশিল্পী দেবলীনা সুর, চম্পা বণিক ও আবিদা সুলতানা। পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবিরের পরিচালনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ২১ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
