বিমান যোগাযোগ, দক্ষ জনশক্তি অভিবাসন ও জ্বালানি সরবরাহসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ইরানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে সহযোগিতা করায় আজারবাইজানকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ।
শুক্রবার (১৬ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ সম্প্রসারণ, দক্ষ জনশক্তির অভিবাসন এবং জ্বালানি সরবরাহসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। এসব খাতে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ ও আজারবাইজানের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
আরও পড়ুন
‘ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার’, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপনের আহ্বান প্রধানমন্ত্রীর!

এ সময় আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ বাংলাদেশকে তাঁর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন। আগামী দিনগুলোতে দুই দেশের সম্পর্ক আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ ছাড়া, সিআইসিএ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে ধন্যবাদ জানান আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে চলমান সংঘাতের মধ্যে ইরানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের নিরাপদে সরিয়ে আনার ক্ষেত্রে সহযোগিতার বিষয়টিও উঠে আসে। এ সময় বাংলাদেশি নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করায় আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান হুমায়ুন কবির।
দুই দেশের মধ্যে যোগাযোগ, জনশক্তি ও জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে এ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
