নিজস্ব প্রতিবেদক · ১৭ অক্টোবর, ২০২৬ ১:৪৭ অপরাহ্ন
সিলেট নগরীতে কিশোর গ্যাংয়ের চলমান অভিযানে তিন শতাধিক কিশোরকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আটকদের ১৭০ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৩০ জনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে এসএমপি কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, নগরীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত এক সপ্তাহ ধরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে তিন শতাধিক কিশোরকে আটক করা হয়। পরে তাঁদের বিষয়ে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে ১৭০ জনের অভিভাবকদের ডেকে আনা হয়। পরে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, অভিযানে সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী আটক হয়েছেন, তাঁদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাকি ১৩০ জনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কমিশনার। তবে তাঁদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে এবং কী আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
গুগলে আমাদের খবর পেতে
